চুয়াডাঙ্গায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের গৃহবধূ শাহানারা খাতুন হত্যা মামলায় প্রতিবেশী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজির আহমেদ আজ সোমবার বেলা একটায় এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নফরকান্দি গ্রামের ছোট বুড়োর ছেলে মিলন হোসেন (৩৫) ও তাঁর ভগ্নিপতি আহাদ আলী (৩২)। খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের পটোল মণ্ডলের ছেলে মিরাজুল ইসলাম (৩৭) ও আজিজুল ইসলাম (৩৮)। আদালত এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৫ মে নফরকান্দি গ্রামের আবদুল খালেক খানের বাড়ির একটি পোষা কুকুর প্রতিবেশী ছোট বুড়োর বাড়িতে গেলে তাঁর ছেলে মিলন লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করে। এতে ক্ষুব্ধ হয়ে খালেক খানের স্ত্রী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে বাড়ির লোকজন তাঁকেও লাঠি দিয়ে উপর্যুপরি পেটায়। মুমূর্ষু অবস্থায় শাহানারাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শাহানারা মারা যান।

এ ঘটনায় শাহানারার স্বামী আবদুল খালেক বাদী হয়ে নফরকান্দি গ্রামের মিলন হোসেন ও তাঁর ভগ্নিপতি আহাদ আলী এবং মিরাজুল ইসলাম ও আজিজুল ইসলামকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে মামলার রায় হওয়ার পর আসামিপক্ষের লোকজন আবদুল খালেককে আদালত চত্বরেই মারধর শুরু করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করলে তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।