চুয়াডাঙ্গায় চরমপন্থী সন্ত্রাসীরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার গ্রামগুলোতে চরমপন্থী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা এলাকায় চাঁদাবাজির পাশাপাশি, বোমাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও হত্যার ঘটনা ঘটাচ্ছে। এমনকি হত্যার পর দায়িত্ব স্বীকারও করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর উপজেলার নবীননগর মাঠ থেকে হরিণাকুণ্ডুর বলরামপুর গ্রামের জামিরুল ইসলামের (৩৫) রগ ও গলাকাটা লাশ উদ্ধার করে। বিশ্বজিত বাহিনী এই খুনের দায় স্বীকার করে লাশের পাশে একটি চিরকুট লিখে রেখে যায়। এর আগে ৩ ডিসেম্বর সন্ত্রাসীরা সদর উপজেলার নিমতলা গ্রামের আপাগাড়ি মাঠে জীবনা গ্রামের প্রবাস-ফেরত তরুণ স্বপন আলীকে (৩৫) অপহরণের পর হত্যা করে। গত বুধবার রাতে সন্ত্রাসীরা আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে প্রবেশে ব্যর্থ হয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে তিওরবিলা ক্যাম্পের পুলিশ গেলেও কাউকে ধরতে পারেনি।নওদা পাঁচলিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের ঠিকাদারের কাছে চাঁদা না পেয়ে গত ২৭ নভেম্বর রাতে পানু মিয়া (২৪) নামে এক নির্মাণশ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় অন্য শ্রমিকদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। ২৯ নভেম্বর বিশেষ প্রক্রিয়ায় পানুকে মুক্ত করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী র্যা ব ওই দিনই বিশ্বজিত বাহিনীর তিন সদস্যকে আটক করে। একই দিন পৃথক অভিযান চালিয়ে র্যা ব বিশ্বজিত বাহিনীর সক্রিয় সদস্য সদর উপজেলার হাসনহাটি গ্রামের মাসুদ রানাকে আটক ও তার ভাষ্য অনুযায়ী কবরস্থান থেকে একটি শাটারগান ও একটি কার্তুজ উদ্ধার করে। ২ ডিসেম্বর বাহিনীর আরও চার সদস্যকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রমতে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের বিশ্বজিত ২০০৬ সাল থেকে শীর্ষ সন্ত্রাসী কুরমানের সঙ্গে যৌথভাবে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায় শুরু করে। পুলিশি তৎপরতায় গত বছরের শেষের দিকে কুরমান ভারতে গেলে সে দল পরিচালনা করতে থাকে। গত ১০ মে ভারতের পশ্চিমবঙ্গে কুরমান নিহত হলে বিশ্বজিত বেপরোয়া হয়ে ওঠে।গত ৩০ মে রাতে খাসকররা ইউনিয়নের পুরাতন রায়সা গ্রামের জামাল মোল্লা নামে এক কৃষক অপহূত হন। মুক্তিপণ হিসেবে সন্ত্রাসীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। দর-কষাকষির পর অপহূতের ছেলে সবুজ মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা পরিশোধও করেন। তবে ৪ জুন পরিবারের সদস্যদের কাছে গলিত লাশ ফেরত দেওয়া হয়। এরপর পুরাতন রায়সা গ্রামের সব বাসিন্দা ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যায়। এখন পর্যন্ত কেউ গ্রামে ফেরেনি।সম্প্রতি আলমডাঙ্গার ডাউকি, বাদেমাজু ও হাউসপুর এলাকায় হাবিব-হাফিজ গ্রুপ নামে আরও একটি সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা শুরু করেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, শিগগিরই সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান শুরু হবে।