৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটিতে নির্বাচন হচ্ছে না। এসব ইউপিতে বিভক্তি কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।২০ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পল্লী-১) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত ইউপি নির্বাচনসংক্রান্ত পরিপত্র-২ জারি করা হয়েছে। ২১ এপ্রিল পরিপত্রটি চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়। পরিপত্র অনুযায়ী চুয়াডাঙ্গার যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে না সেগুলো হলো—জীবননগর উপজেলার বাঁকা ও উথলী, আলমডাঙ্গার নাগদাহ এবং দামুড়হুদা উপজেলার নতিপোতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আলী আজগার তাঁর সংসদীয় এলাকা ওই চার ইউনিয়নের বিভক্তি চেয়ে ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি পত্র পাঠান। সাংসদ আলী আজগার জানান, ইউনিয়ন তিনটির আয়তন ও ভোটার সংখ্যা বেশি হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিভক্তিকরণের দাবি জানিয়ে আসছিল।