চুয়াডাঙ্গায় চালু হলো 'পল্লি অ্যাম্বুলেন্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গ্রামীণ জনগোষ্ঠীকে জরুরি সেবা দেওয়ার জন্য ‘পল্লি অ্যাম্বুলেন্স’ সেবা চালু করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ সদর উপজেলাধীন সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে সাতটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।

জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, একটি শুভকাজের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হলো। জেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পল্লি অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী বলেন, গ্রামের মানুষ অসুস্থ হলে ঝুঁকিপূর্ণভাবে তাঁদের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। বৃহৎ জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ইজিবাইককে অ্যাম্বুলেন্স আকারে তৈরি করা হয়েছে। প্রতিটি পল্লি অ্যাম্বুলেন্স তৈরিতে ১ লাখ ৬৭ হাজার টাকা করে খরচ হয়েছে। সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে ভূমি হস্তান্তর করের ১ শতাংশ হিসেবে ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ অর্থ থেকে অ্যাম্বুলেন্সগুলোর খরচ জোগান দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাতজন ইউপি চেয়ারম্যানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।