চুয়াডাঙ্গায় ছাত্রদলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন নিয়ে লুকোচুরি, অনিয়ম ও অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ার এক সপ্তাহ পরও আহ্বায়ক নিজেও তালিকাটি হাতে না পাওয়ায় একটি অংশ ক্ষুব্ধ হয়েছে।শীর্ষ একাধিক ছাত্রনেতার অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মীর মতামতকে পাশ কাটিয়ে ছাত্রদল নেতা শরিফুজ্জামান সিজার ও এম এ তালহাকে নিয়ন্ত্রণে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু নিজের অনুসারীদের নিয়ে পকেটকমিটি গঠন করেছেন। আট বছরের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত করে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করেন। আংশিক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান জানান, কেন্দ্রীয় সংসদের ১৫ ফেব্রুয়ারি পত্র হাতে পাওয়ার পর স্থানীয় ছাত্রদলের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি হোটেলে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকৃত ছাত্রদের দিয়ে যথাসময়ে ৬১ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ এরপর থেকে আহ্বায়ক শরিফুজ্জামান সিজারকে বারবার অনুরোধ করেও কমিটির সভা ডাকা সম্ভব হয়নি। হঠাৎ ২৮ মে শুনতে পাই, ১২১ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় সংসদ তা অনুমোদনও দিয়েছে। আহ্বায়ক কমিটির (আংশিক) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান জানান, নির্ধারিত সময়ের তিন মাস পরে আহ্বায়ক শরিফুজ্জামান সিজার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম তালহাকে দিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তাঁর অনুসারীদের সমন্বয়ে কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশমতো তালিকা করতে গিয়ে ৬১ সদস্যের পরিবর্তে ৯১ সদস্যের তালিকা তৈরি করেন ওই দুই ছাত্রনেতা। অভিযোগ আছে, এই তালিকাভুক্ত করতে গিয়ে ওই দুই ছাত্রনেতা অর্থবাণিজ্যও করেছেন। এদিকে ২৮ মে রাতে খবর আসে, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কেন্দ্রে প্রভাব খাটিয়ে চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় সংসদের অনুুমোদন করিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আহ্বায়ক শরিফুজ্জামান সিজার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অধীনস্থ সাংগঠনিক ইউনিটগুলোর নেতাদের মতামত নিতে গিয়ে কমিটি গঠনে বিলম্ব হয়েছে। কোনো অর্থবাণিজ্য করা হয়নি। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তালিকাটি ১২১-এ উন্নীত করে তা অনুমোদনের ব্যবস্থা করেছেন। তবে তালিকাটি এখনো হাতে পাননি।’শামসুজ্জামান দুদু বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি। বঞ্চিত ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের রাজনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে বলেও মনে করি না। কমিটিতে কারা আছেন, তা স্থানীয় ছাত্রনেতারাই ভালো জানেন। এখানে লুকোচুরির কিছুই দেখছি না।’