চুয়াডাঙ্গায় ছাত্রলীগের নেতাকে জখমের পর তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরে গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহমেদকে (২০) কুপিয়ে জখম করে ছাত্রদলের সন্ত্রাসীরা। এর জের ধরে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা রাতেই জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।এই ঘটনার পরও ক্ষান্ত হননি ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামানকে (৪৭) কুপিয়ে জখম করেন। তাঁকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এবং রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রাজুর বন্ধু ছাত্রলীগের কর্মী আল মোমিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের কেদারগঞ্জ এলাকা থেকে তাঁরা তিন বন্ধু রিকশায় করে শহরের মুক্তিপাড়ায় ফিরছিলেন। ইমপ্যাক্ট হাসপাতালের সামনে ওত পেতে থাকা ছাত্রদলের সন্ত্রাসী নাজমুল, ইকবাল, সোহেল ও ছোটন রিকশা থামিয়ে রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যান। গুরুতর অবস্থায় রাজুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাজুর ওপর হামলার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রথমে তাঁরা জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা পর্যায়ক্রমে শহরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, সদর উপজেলা সভাপতি আবদুল ওহাব মল্লিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ ছাড়া শহরের বেশ কয়েকটি জায়গায় অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়ালিউর রহমান প্রথম আলোকে বলেন, ধারালো বস্তুর আঘাতে রাজুর ডান চোখ খণ্ডিত হয়ে গেছে। দুই হাত ও নাকে জখমের সৃষ্টি হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি মো. মোজামেঞ্চল হকের সভাপতিত্বে তাঁর বাড়িতে জরুরি সভা শুরু হয়। দুপুর পৌনে একটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই বাড়িতে ঢুকে বিএনপি নেতা ওয়াহেদুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বিএনপির অন্য নেতারা পালিয়ে জীবন রক্ষা করেন। ছাত্রলীগ ও ছাত্রদলের বক্তব্য: ছাত্রলীগের নেতা রাজুর ওপর হামলাকে পরিকল্পিত ও ধারাবাহিক হামলার অংশ বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন। তিনি বলেন, ‘ছাত্রদলের এই ক্যাডাররা এর আগে ছাত্রলীগের নেতা নিপ্পন, আকবর ও ইসতিকে কুপিয়ে জখম করেন। সহনশীলতাকে দুর্বলতা ভেবে ছাত্রদলের ক্যাডাররা একের পর এক হামলা করছে। তারা বারবার মারবে, আর আমরা বসে বসে মার খাব তা হবে না।’জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান দাবি করেছেন, ‘রাজুর ওপর হামলাকারীরা ছাত্রদলের কেউ নন।’