চুয়াডাঙ্গায় ছাত্রীর কারাদণ্ড, দুই কক্ষ পরিদর্শক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল রোববার এসএসসি পরীক্ষা চলাকালে খাতা নিয়ে পালানোর অভিযোগে এক ছাত্রীর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর কর্তব্যে অবহেলার দায়ে দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
ওই পরীক্ষার্থীর নাম শরীফা খাতুন। সে জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তাকে গতকাল রাতেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার হওয়া শিক্ষকেরা হলেন আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান কবীর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু বাশার।
ভ্রাম্যমাণ আদালত ও পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল ছিল গণিত বিষয়ের পরীক্ষা। বেলা একটায় পরীক্ষা গ্রহণ শেষে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষের পরিদর্শক একটি খাতা কম পান। তিনি সংশ্লিষ্ট পরীক্ষার্থী শরীফা খাতুনকে খুঁজতে থাকেন। কেন্দ্রের বাইরে তাকে পাওয়া যায়। তবে সে খাতা জমা দিয়েছে বলে দাবি করে। একপর্যায়ে শরীফাকে কেন্দ্র তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়া হয়। তখনো সে অস্বীকার করে। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তৃপক্ষ বিষয়টি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়।
খবর পেয়ে ইউএনও নুরুল হাফিজ ওই পরীক্ষাকেন্দ্রে যান। তিনি দুই কক্ষ পরিদর্শক আহসান কবীর ও আবু বাশার এবং পরীক্ষার্থী শরীফাকে সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে ফেরেন। সেখানে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ছয়টার দিকে শরীফা স্বীকার করে, পরীক্ষা ভালো না হওয়ায় খাতাটি সে জমা দেয়নি। এরপর নিজের পোশাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা খাতাটি বের করে দেয় সে।
ইউএনও নুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, ওই পরীক্ষার্থী খাতা জমা দিয়েছে দাবি করার মাধ্যমে কক্ষ পরিদর্শকদের ফাঁসানোর চেষ্টা করেছে। পরীক্ষার খাতা এভাবে গোপন করার দায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।