চুয়াডাঙ্গায় ছাত্রীর মৃত্যুর আট দিন পর হত্যা মামলা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দির স্কুলছাত্রী জান্নাতুল খাতুন ওরফে ভুন্দির (১১) রহস্যজনক মৃত্যুর আট দিন পর হত্যা মামলা হয়েছে। জান্নাতুল খাতুনের বড় বোন আমেনা খাতুন বাদী হয়ে চাচাতো ভাই জাকির হোসেনকে (২৫) আসামি করে গত সোমবার চুয়াডাঙ্গার আমিল আদালত ‘খ’ অঞ্চলে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি করেন।
আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হালিম অভিযোগটি আমলে নেন এবং নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। একই সঙ্গে মৃত্যুর রহস্য উন্মোচনে পরবর্তী তিন দিনের মধ্যে জান্নাতুল খাতুনের লাশ উত্তোলনসহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়।
জান্নাতুল খাতুনের বড় বোন সদর উপজেলার নেহালপুরের সায়েম আলীর স্ত্রী আমেনা খাতুন আরজিতে অভিযোগ করেন, তাঁর বোন জান্নাতুল হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ৩১ আগস্ট সকাল ছয়টায় গ্রামের নুরীতলা মাঠের তালবাগানে তাল কুড়াতে যায়। ওই সময় চাচা ওসমান আলীর ছেলে জাকির হোসেন জান্নাতুলকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ হওয়ার ভয়েই সে জান্নাতুলকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে গ্রামের আনারুল হকের পুকুরের পানিতে ফেলে কলাপাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন ওই পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।