চুয়াডাঙ্গায় ছয় দিন বন্ধ থাকার পর টেলিযোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সঙ্গে দেশ-বিদেশের টেলিযোগাযোগব্যবস্থা টানা ছয় দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কেব্ল বিচ্ছিন্ন হওয়ায় ১৮ মার্চ থেকে টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিটিসিএলের চুয়াডাঙ্গা মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বিটিসিএলের একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের পাশে দিনদত্ত সেতুর পাশে কেব্লটি বিচ্ছিন্ন হয় বলে শনাক্ত করে। ওই স্থানে চোরেরা জিআই পাইপসহ ১০ মিটার অপটিক্যাল ফাইবার কেব্ল কেটে নিয়ে যাওয়ার কারণে এই সংকটের সৃষ্টি হয়। শনিবার বিকেল পৌনে চারটায় নতুন কেব্ল জোড়া দিয়ে সংযোগ পুনঃস্থাপন করার পর টেলিযোগাযোগব্যবস্থা চালু হয়।