চুয়াডাঙ্গায় জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ একজন খুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে গতকাল রোববার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের সময় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই আয়নাল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইদঘাটের মৃত গফুর মণ্ডলের এক বিঘা ১২ কাঠা জমি সম্প্রতি তাঁর স্ত্রী বিলকিস বানু এবং ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে বণ্টন করা হয়। পরে বিলকিস তাঁর অংশের জমি ছোট ছেলে আয়নালের নামে লিখে দেন। এতে ভাইবোনদের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে এ নিয়ে বড় ভাই জয়নাল মণ্ডল (৪০) ও আয়নালের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়নালের স্ত্রী জোছনা জয়নালকে ঝাঁটাপেটা করেন। এ সময় জয়নাল তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে আয়নাল ও জোছনাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে আয়নালও হাঁসুয়া দিয়ে জয়নালকে কোপ দেন। পরে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় আয়নালকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। আর জোছনার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, এ ঘটনায় দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে।