চুয়াডাঙ্গায় জেএমবি সদস্য শায়খুলের সাত বছর কারাদণ্ড
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য (সার্বক্ষণিক সদস্য) নেতা শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে (৩৯) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় চুয়াডাঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস এম কামরুজ্জামান খান ২০০৭ সালের ৮ মার্চ জেএমবির শায়খুল ইসলাম ও খুলনা বিভাগীয় প্রধান রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানোর পরদিনই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আজকের মামলায় আসামিপক্ষে এম এম শাহজাহান মুকুল এবং রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু তালেব বিশ্বাস মামলাটি পরিচালনা করেন।