চুয়াডাঙ্গায় ঝড়ে একজন নিহত, ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ঘরের দেয়ালে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। ঝড়ে যশোরে নির্মাণাধীন সফটওয়্যার টেকনোলজি পার্কের টিনের চালা ভেঙে আট শ্রমিক আহত হয়েছেন। মেহেরপুরের গাংনীতে ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঝড় আঘাত হানে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: ঝড়ের সময় কাঁচা ঘরের দেয়ালে চাপা পড়ে মারা যাওয়া নারীর নাম মহিরণ (৫০)। তাঁর বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামে। আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে বলেন, ‘আম, লিচু ও বোরো ধানখেতের বেশি ক্ষতি হয়েছে।’
এদিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভুলটিয়া এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যানবাহন আটকে যায়। রাত আটটায় এ খবর লেখার সময় সড়ক থেকে গাছ সরানোর চেষ্টা চলছিল।
মেহেরপুর: গাংনীর কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ জমে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টার দমকা বাতাসে উড়ে যায় কয়েক শ ঘরবাড়ির টিনের ছাউনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। সড়কের পাশের গাছের পাশাপাশি বসতবাড়ির বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়ে ডালপালা।
২০টির বেশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা জেলা। গাছপালা ভেঙে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী থেকে গাড়াডোব ও গাংনী-হাটবোয়ালিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহায়তায় গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
যশোর: ঝড়ে নির্মাণাধীন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের টিনের চালা ভেঙে আট শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া যশোর ও আশপাশের এলাকায় আরও অন্তত সাতজন আহত হন। আহত সবাইকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে গোটা জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-সাতক্ষীরা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ওই সব সড়কে যান চলাচল রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধ ছিল।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুমার কুণ্ডু বলেন, ঝড়ের কারণে গাছ পড়ে যেসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, গাছ সরিয়ে এসব সড়ক চলাচল উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, যশোরের প্রতিটি উপজেলায় ঝড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করতে সিভিল সার্জনকে বলা হয়েছে। এ ব্যাপারে তদারক করতে আট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করার জন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে।