চুয়াডাঙ্গায় ঝড়ে নিহত ১, আহত ৮
চুয়াডাঙ্গায় গত রোববার সন্ধ্যায় কালবৈশাখীতে যাত্রীবাহী বাসের ওপর শতবর্ষী গাছ ভেঙে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আটজন আহত হন। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চুয়াডাঙ্গার আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জাফরপুর এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এলে একটি বড় মেহগনিগাছ ভেঙে বাসের ওপর পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ অপসারণের পর গতকাল সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর নাম আবদুর রশিদ বিশ্বাস (৪০)। তিনি সদর উপজেলার কালুপোল গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন বাসের চালক পলাশ কুমার দে (৩৫), সাব্বির হোসেন (২৪), ইলিয়াস হোসেন (৪৫) ও কোহিনুর বেগম (৪০), মো. মনিরুজ্জামান (৪০), ইউনুছ আলী (২২), মহিউদ্দিন মণ্ডল (৬০) ও চাঁদ আলী (৪২)। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন জানান, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশের মরে যাওয়া গাছগুলো কেটে ফেলতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।