চুয়াডাঙ্গায় টানা বর্ষণে চাতাল বন্ধ
টানা বর্ষণের কারণে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ধানের প্রায় ৫০০ চাতাল বন্ধ হয়ে গেছে। এসব চাতালে বিপুল পরিমাণ ধান সেদ্ধ অবস্থায় পচে নষ্ট হচ্ছে। এ ছাড়া ভিজিয়ে রাখা বিপুল পরিমাণ ধান অঙ্কুরিত হয়ে নষ্ট হয়ে গেছে। চাতাল বন্ধ থাকায় প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। চুয়াডাঙ্গার জীবননগর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জে গত শনিবার ও গতকাল রোববার খোঁজ নিয়ে এ ঘটনা জানা গেছে। জেলা চালকল মালিক সমিতি সূত্র জানায়, চারটি উপজেলায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত চালকল ও চাতালের সংখ্যা ২৫০। নিবন্ধনের বাইরে রয়েছে আরও প্রায় ২৫০টি চাতাল।মালিকেরা জানান, প্রতিটি চাতালেই বিপুল পরিমাণ ধান ভেজা ও সেদ্ধ অবস্থায় পড়ে আছে। এসব ধান স্তূপ করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।শুকানোর অপেক্ষায় রাখা ধানের ভেতরের চাল পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহ শেখ বলেন, টানা বর্ষণে চাতাল ও চালকলের মালিকদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিজ উদ্দিন বলেন, আগাম বৃষ্টির কারণে চলতি বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ অভিযান কিছুটা ব্যাহত হবে।