চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলগেটে ট্রেনে কাটা পড়ে শুকুর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বেলগাছি এলাকায় বেড়াতে গিয়ে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা আন্তনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

নিহত শুকুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সিনেমা হলপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুকুর আলী বেলা সাড়ে ১১টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় বেড়াতে যান। রেললাইন ধরে আনমনে হাঁটার সময় চিত্রা আন্তনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছান।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা প্রশাসনের অনুমতি নিয়ে লাশ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার বিষয়ে রেলওয়ের পোড়াদহ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।