চুয়াডাঙ্গায় ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রেলওয়ের দুটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে খুলনায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ট্রেনটি উদ্ধারের জন্য রাত আটটার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রত্যক্ষর্শী ও রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩০টি খালি ট্যাংকারসহ ওই ট্রেনটি জীবননগর উপজেলার উথলী স্টেশনের অদূরে সেনেরহুদায় আরেকটি ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য লুপলাইনে দাঁড়ায়। এরপর ট্রেনটি মূল লাইনে ওঠার সময় দুটি ট্যাংকার ও ট্রেনের পরিচালকের বগিটি লাইনচ্যুত হয়।

  চুয়াডাঙ্গা রেলস্টেশনের মাস্টার আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টা নাগাদ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে। দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি।