চুয়াডাঙ্গায় ডায়রিয়া, ৩৬ ঘণ্টায় ১৩১ রোগী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ৩৬ ঘণ্টায় ১৩১ জন রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও বাড়িতে চিকিৎ​সা নিচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, পৌরসভার সরবরাহ করা দূষিত পানি পান করায় সাধারণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ভালোভাবে ফুটিয়ে ওই পানি পান করলে এত ভয়াবহ আকারে ডায়রিয়া ছড়িয়ে পড়ত না।

পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সহিদুর রশীদ বলেন, সম্প্রতি পানি সরবরাহে পুরোনো পাম্পহাউসের পাশাপাশি নতুন একটি পাম্পহাউস স্থাপন করা হয়েছে।আন্তসংযোগের কারণে লাইনে পানির চাপ বেড়ে গেছে। ফলে পাইপে লেগে থাকা আয়রন ওই সরবরাহকৃত পানির সঙ্গে বের হচ্ছে।রোববার পৌর এলাকার পানি সরবরাহ লাইন পরিষ্কার করে জীবাণুনাশক দেওয়া হবে। পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

হাসপাতাল থেকে জানা গেছে, শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ১৩১ জন রোগী ভর্তি করা হয়েছে। হাসপাতালে শয্যায় জায়গা না পেয়ে অনেকে ওয়ার্ডের মেঝে, বারান্দা, হাসপাতাল মিলনায়তন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) মেঝেতে চিকিৎসা নিচ্ছে।রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসক ও সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।

নার্সিং সুপারভাইজার প্রীতি বিশ্বাস বলেন, সংকট মোকাবিলায় দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন করে জ্যেষ্ঠ সেবিকাকে প্রেষণে আনা হয়েছে।

গতকাল দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, পুরুষ, মহিলা ও শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। ওই সব ওয়ার্ডের মেঝে, বারান্দাতেও রোগীদের ভিড়। পুরুষ ওয়ার্ডের বারান্দায় দুই মেয়েসহ চিকিৎ​সা নিচ্ছেন ৪ নম্বরসরদারপাড়ার আবু শামাহ (৪০)। তিনি বলেন, দুই মেয়ে ছাড়াও তাঁর পরিবারের পাঁচজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের কানাপুকুর মহল্লার বাসিন্দা নাসিমা বেগম তাঁর ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে শিশু ওয়ার্ডের সেবিকাদের কক্ষে চিকিৎসা নিচ্ছেন।

মহিলা ওয়ার্ডের জ্যেষ্ঠ সেবিকা রেখা রানী সাহা বলেন, এই ওয়ার্ডে ৬৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল থেকে রোগীদের স্যালাইন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নম্ব​র ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক বলেন, ​‘আমি নিজেও আজ (শনিবার) দুপুর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছি। বাড়িতে চিকিৎ​সা নিচ্ছি। আমার মতো অনেকেই হাসপাতালে না গিয়ে ​বাড়িতে ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎ​সা নিচ্ছে।’