চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত ৫৬৪ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫৬৪ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ আগস্ট ৪৭ জন, ২ আগস্ট ১৩০ জন, ৩ আগস্ট ১৩৬ জন এবং গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ২৫১ জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ, চার দিনে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের দুটি সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীদের একটি ওয়ার্ডে রেখে অন্যটিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের রাখা হয়েছে। এমনকি দাপ্তরিক কক্ষ ও ওষুধ রাখার কক্ষেও রোগী রাখা হয়েছে। শোবার জায়গা না থাকায় অনেক রোগী বসে বসেই চিকিৎসা নিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ ব্যাটালিয়ন হাসপাতাল চত্বরে চারটি তাঁবু স্থাপন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, রোগের উৎস হিসেবে প্রাথমিকভাবে পৌরসভার সরবরাহ করা পানিকে ধরা হচ্ছে। এ জন্য পৌর কর্তৃপক্ষকে আপাতত কয়েক দিন পানি সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ইতিমধ্যে পানির নমুনা সংগ্রহ করে ঝিনাইদহে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক পানি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মেয়র আরও বলেন, হঠাৎ করে পানি সরবরাহ বন্ধ করলে হিতে বিপরীত হবে। কারণ, মানুষের দৈনন্দিন কাজে প্রতিদিন প্রচুর পানির প্রয়োজন হয়। ডায়রিয়ার রোগীদের কাপড়চোপড় পরিষ্কারের জন্যও পানির প্রয়োজন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পৌরবাসীকে সরবরাহ করা পানি ফুটিয়ে অথবা নলকূপের পানি পান করতে অনুরোধ করা হয়েছে।
সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, ডায়রিয়া মহামারি আকার ধারণ করেছে। গতকাল যশোরের সিভিল সার্জন আতিকুর রহমান খান ও মেহেরপুরের সিভিল সার্জন ইসমাইল ফারুক এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এ ছাড়া ঢাকা থেকে দুটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। তারা মঙ্গলবার (আজ) সকাল থেকে রোগীদের চিকিৎসা এবং রোগের কারণ নির্ণয়ের কাজ শুরু করবে।