চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আরও ২১৫ জন আক্রান্ত
চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত শনিবার দুপুর থেকে গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত আরও ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ভর্তি করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জন। এ ছাড়া হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে আরও ৮১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই বাড়ি বসেই চিকিৎসা নিচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জেলায় কর্মরত সব চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের ছুটি বাতিলসহ জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সাংসদ ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার মো. রশীদুল হাসান গতকাল ডায়রিয়া আক্রান্ত এলাকা ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন এবং রোগীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।
চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ডায়রিয়াকবলিত ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের মধ্যে গতকাল দিনব্যাপী সচেতনতামূলক মাইকিং, প্রচারপত্র বিলি, চার হাজার ৫০০ প্যাকেট খাবার স্যালাইন ও পাঁচ হাজারটি পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে। দুটি ওয়ার্ডে অবস্থিত চারটি পাম্প, একটি ওভারহেড ট্যাংক ও পানির লাইন পরিষ্কার করে জীবাণুনাশক ছিটানো হয়েছে। অবস্থা ভয়াবহ হওয়ায় ৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দারা এলাকায় অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন। করণীয় বিষয়ে পৌর মিলনায়তনে দুপুরে বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। মসজিদ পাড়ায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প করা যায় কি না, সেটাও ভেবে দেখা হচ্ছে।
গতকাল সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০০ শয্যার হাসপাতালে নিয়মিত রোগী ও ডায়রিয়া রোগী মিলিয়ে প্রায় ৪০০ রোগীকে সামাল দিতে চিকিৎসক ও সেবিকারা হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ও সেবিকাদের আনা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ৩৬ বছরের পেশাগত জীবনে এ রকম ভয়াবহ ও মহামারি আকারে ডায়রিয়া দেখিনি।’
সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত রোগীদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত রোগীদের পাইপলাইনে সরবরাহ করা পানি না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।’