চুয়াডাঙ্গায় ডিসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রেকর্ড রুমের ডেপুটি কালেক্টরের (আরআরডিসি) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রেকর্ড রুম থেকে জমির সিএস, এসএ, আরএস খতিয়ান ও তথ্য বিবরণী পেতে জনদুর্ভোগে সংক্ষুব্ধ ছয় আইনজীবী জনস্বার্থে গত সোমবার আলমডাঙ্গা সহকারী জজ আদালতে মামলাটি করেন।আলমডাঙ্গা সহকারী জজ মো. ছানাউল্লাহ মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনে বিবাদীদের আগামী ৯ জুলাই নিজে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে।মামলার বাদীরা হলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আশরাফ আলী, মো. শহিদুল ইসলাম (১), মো. শাহ আলম, মো. আলা উদ্দীন, মো. মাহাতাব হোসেন ও মনজুর হোসেন। বাদীপক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী সোহরাব হোসেন (২)। মামলায় বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে সিএস, এসএ, আরএস খতিয়ান ও তথ্য বিবরণী পেতে অফিস চলাকালে আইনজীবীর সহকারীরা আবেদন করতেন ও ন্যূনতম ১০-১৫ দিনের মধ্যে তা সরবরাহ করা হতো। কিন্তু আনুমানিক দুই মাস থেকে আইনজীবীর সহকারীদের স্বাক্ষরিত খতিয়ানের আবেদন গ্রহণ করা হবে না মর্মে ২ ও ৩ নম্বর বিবাদী বারবার হুমকি দিচ্ছেন ও আবেদন নিতে মৌখিকভাবে অস্বীকার করছেন। তা ছাড়া, প্রতিদিন ১৫০টির বেশি আবেদনপত্র গ্রহণ করতে অস্বীকার করেছেন। এতে দূরদূরান্ত থেকে আসা মানুষকে আবেদন জমা দিতে রাত ১২টা থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে।জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন মঙ্গলবার দুপুরে বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই।’