চুয়াডাঙ্গায় ডুবে গেছে খেত বোরো চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরোর বাম্পার ফলনে চুয়াডাঙ্গায় কৃষকদের মনে যে খুশির ঝিলিক দেখা দিয়েছিল গত শুক্রবার ঝোড়ো বৃষ্টিতে তা ফিকে হয়ে গেছে। ধানগাছ মাটিতে শুয়ে পড়ার পাশাপাশি কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। শ্রমিক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, ‘এবার দুই বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, বাম্পার ফলনে খুশিও হয়েছিলাম। ঝড়-বৃষ্টির ভয়ে আগাম ধান কাটাও হয়েছিল। কিন্তু ধান কাটার পর শুক্রবারের বৃষ্টির পানিতে তা তলিয়ে গেছে। জমি থেকে পানি বের করে ধানগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য শ্রমিক দরকার হলেও পাওয়া যাচ্ছে না।’ প্রায় একই কথা বললেন মোক্তারপুর গ্রামের হাসানুজ্জামান ও বুইচিতলা গ্রামের আবুল কালাম আজাদ। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক হরিবুলা সরকার জানান, অসময়ের বৃষ্টির কারণে কৃষকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতীতে জ্যৈষ্ঠ মাসে এ রকম বৃষ্টি দেখা যায়নি। তিনি বলেন, দুর্যোগের আশঙ্কায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার পর কাটার পরামর্শ দিলেও বিচালির আশায় অনেকেই তা কাটেননি। তবে ইতিমধ্যে ৬০ শতাংশ জমির ধান কৃষকেরা ঘরে তুলেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে খোঁজ নিচ্ছেন।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠের ধান পানিতে ডুবে আছে। কৃষকদের কেউ কেউ কোমরসমান পানিতে দাঁড়িয়ে ভেসে থাকা কাটা ধান সংগ্রহ করছেন, আবার কেউ কেউ পানিতে তলিয়ে থাকা ধানগাছ কাটতে ব্যস্ত। কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গার চারটি উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৩০৬ হেক্টর এবং আবাদ হয়েছে ৩৭ হাজার ২৩০ হেক্টরে। আবাদ কম হলেও ফলন হয়েছে বাম্পার।