চুয়াডাঙ্গায় তিন চাঁদাবাজ সন্ত্রাসীকে পিটিয়ে থানায় সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মোমিন বাহিনীর প্রধান মোমিনসহ তিন চাঁদাবাজ-সন্ত্রাসীকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালুপোল গ্রামে এক প্রবাসীর বাড়িতে আগে দাবি করা চাঁদার টাকা আনতে গেলে ওই ঘটনা ঘটে।
ওই তিন ব্যক্তি হলেন সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কুখ্যাত মোমিন বাহিনীর প্রধান আবদুল মোমিন (২৮), তাঁর দুই সহযোগী একই ইউনিয়নের বহালগাছি গ্রামের মানিক মৃধা (৩০) এবং আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের নুরুজ্জামান টিটু (২৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, আবদুল মোমিন নিজের নামে বাহিনী তৈরি করে দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, কালুপোল থেকে পলাতক চাঁদাবাজের নাম ও পরিচয় জানা গেছে। তাঁকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্র জানায়, কালুপোল গ্রামের বরকত আলীর ছেলে রুবেল হোসেন চাকরি সূত্রে প্রবাসে আছেন। চার-পাঁচ দিন আগে মোমিন বাহিনীর সদস্যরা বরকত আলীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বরকত আলী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজ সন্ত্রাসীরা বলেন, তাঁর ছেলে রুবেল হোসেন অনেক টাকা দেশে পাঠিয়েছেন। সেখান থেকে দিতে হবে। বিষয়টি পুলিশসহ কাউকে জানালে খুনখারাবি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
গতকাল বেলা ১১টার দিকে আবদুল মোমিন তিন সহযোগীকে সঙ্গে নিয়ে চাঁদার টাকা আনতে বরকত আলীর বাড়িতে যান। বিষয়টি দ্রুত জানাজানি হয়ে গেলে গ্রামবাসীরা সংগঠিত হয়ে চারজনকেই পিটুনি শুরু করে। সুযোগ বুঝে একজন পালিয়ে গেলেও মোমিনসহ তিনজনকে পিটুনির পর থানায় সোপর্দ করা হয়।