চুয়াডাঙ্গায় তিন দিনের জেলা ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সরকারি আদর্শ মহিলা কলেজ-সংলগ্ন মাঠে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

গতকাল ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। এতে বয়ান করেন সৌদি আরব থেকে আসা তাবলিগের একটি দলের আমির আহমদ আস সবেরী। তিনি সকাল আটটা পর্যন্ত আরবিতে বয়ান করেন। তাবলিগের স্থানীয় কয়েকজন মুরব্বি তা বাংলায় অনুবাদ করে শোনান। জোহরের নামাজের পর ঢাকার কাকরাইল থেকে আসা মুরব্বি আবদুল মতিন বয়ান করেন।

গতকাল বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি মাঠে হাজির হয়েছেন। দল বেঁধে আরও মুসল্লি ময়দানে আসছেন। বিশাল মাঠের পুরোটাতেই চটের শামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে।

জেলা ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি আইনুল হক বলেন, এক লাখ মুসল্লি বসে বয়ান শোনার উপযোগী করে মাঠ প্রস্তুত রাখা হয়েছে। আয়োজক কমিটির সদস্যদের আশা, আজ জুমার নামাজে এক লাখ মানুষের সমাবেশ ঘটবে। কাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।