চুয়াডাঙ্গায় তিন দিনের জেলা ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত তিন দিনের জেলা ইজতেমা গতকাল শনিবার শেষ হয়েছে। দেড় লাখের বেশি দেশি-বিদেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা জুবায়ের হোসেন মোনাজাত পরিচালনা করেন। ২৪ নভেম্বর চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজসংলগ্ন মাঠে তাবলিগ জামায়াতের উদ্যোগে জেলা ইজতেমা শুরু হয়। চুয়াডাঙ্গা ও আশপাশের জেলা ছাড়াও সৌদি আরব, ইন্দোনেশিয়া, বাহরাইন ও ভারত থেকে তাবলিগ জামায়াতের সদস্যরা ইজতেমায় অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা শহর ও আশপাশের এলাকার নারী-পুরুষ বিভিন্ন যানবাহন ও হেঁটে ইজতেমা মাঠের দিকে রওনা দেন। মোনাজাত উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল নয়টার মধ্যেই ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ইজতেমা ময়দানে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তার ওপর ও আশপাশের অলিগলিতে অবস্থান নেন।

এবারের ইজতেমার প্রথম ও দ্বিতীয় দিন নারীদের অংশগ্রহণের সুযোগ ছিল না। কিন্তু শেষ দিনে অনেক নারী মোনাজাতে অংশ নেন। নারীদের বসার সুবিধার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সরকারি আদর্শ মহিলা কলেজ ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় খুলে দেওয়া হয়।

মুসল্লিরা মুসলিম উম্মাহর শান্তি ও রহমত, দেশ-জাতির সমৃদ্ধি এবং মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করেন। মোনাজাতের আগে ঢাকা থেকে আসা তাবলিগের মুরব্বি মাওলানা আবদুল বার ও মাওলানা আবদুল মতিন বয়ান করেন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দেড় লাখেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। তাঁদের নিরাপত্তায় সিসি ক্যামেরায় তদারকির পাশাপাশি চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়।