চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের কৃষক আইয়ুব হোসেন গত জুন মাসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে চার লাখ ৬৫ হাজার ৯২০ টাকার ধানের বীজ বিক্রি করেন। নিয়মানুযায়ী ওই মাসেই বীজের মূল্য পাওয়ার কথা তাঁর। কিন্তু গত তিন মাসে তিনি পেয়েছেন মাত্র ৩৫ হাজার টাকা। বাকি টাকার জন্য দিনের পর দিন ঘুরছেন কর্মকর্তাদের কাছে।গত সোমবারও আইয়ুব গিয়েছিলেন বীজ বিক্রির টাকা তোলার জন্য। কিন্তু ঈদের আগে বকেয়া টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই—কর্মকর্তাদের কাছ থেকে এ কথা জানার পর হতাশ হয়ে বলেন, ‘ইবাড্ডা ঈদির আনন্দডাই মাটি হয়ে যাবে’।শুধু আইয়ুব নয়, চুয়াডাঙ্গায় বিএডিসির চুক্তিবদ্ধ ছোট-বড় ১০ হাজার কৃষকের একই দুর্দশা। গত জুন মাসে এসব কৃষক বিএডিসির কাছে বোরো ধানের বীজ বিক্রি করে এখনো বিক্রয়মূল্যের সিকি ভাগ অর্থ হাতে পাননি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তিবদ্ধ কৃষকেরা এবার বিএডিসির কাছে ২৪ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার বীজ বিক্রি করেন। কিন্তু এ পর্যন্ত বিএডিসি পরিশোধ করেছে মাত্র ছয় কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকা। কৃষকদের বকেয়া পড়ে আছে ১৭ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। ক্ষুদ্র কৃষকদের অভিযোগ, বিএডিসির পরিশোধ করা টাকার বেশির ভাগই পেয়েছেন প্রভাবশালী কৃষকেরা। বিক্রীত বীজের মূল্য না পাওয়ায় এবার এসব কৃষককে ঘরে ঈদের আনন্দ ম্লান হতে চলেছে।এদিকে বিএডিসির চেয়ারম্যান গত জুন মাসে আশ্বাস দিয়েছিলেন বীজের ক্রয়মূল্য বাড়ানো হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় কৃষকেরা হতাশা ব্যক্ত করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের মোট চাহিদার এক-তৃতীয়াংশ বীজের জোগান দেওয়া হয় বিএডিসির চুয়াডাঙ্গা অঞ্চল থেকে। চলতি বোরো বীজ সংগ্রহ মৌসুমে বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্সের আওতায় পাঁচ হাজার ৯১০ মেট্রিক টন এবং অধিক বীজ বিভাগের আওতায় তিন হাজার ৬২০ মেট্রিক টন, সব মিলিয়ে নয় হাজার ৫৩০ মেট্রিক টন বোরো বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১ জুন থেকে বিএডিসি বোরো বীজ সংগ্রহ অভিযান শুরু করে। নির্ধারিত সময়ের মধ্যেই বোরো বীজের সংগ্রহ লক্ষ্যমাত্রা অতিক্রম করে। সংশ্লিষ্ট সূত্রমতে, বিএডিসি এ সময় অধিক বীজের আওতায় তিন হাজার ৬২০ মেট্রিক টন এবং কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন পাঁচ হাজার ৯৮৬ মেট্রিক টন বীজ চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে কেনে। এদিকে সংগ্রহ অভিযান শুরুর এক সপ্তাহের মাথায় প্রতি কেজি বীজ ধানের মূল্য ২৬ থেকে ৩০ টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন চুক্তিবদ্ধ কৃষকেরা। তাঁরা বিএডিসির কাছে বীজ বিক্রি বন্ধ করে দেন। এ অবস্থায় ১২ জুন বিএডিসির চেয়ারম্যান নাজমুল হাসান সরেজমিনে চুয়াডাঙ্গা পরিদর্শন করেন। তিনি বিএডিসির স্থানীয় কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ক্রয়মূল্য বাড়ানোর আশ্বাস দেন। এতে কৃষকেরা পুনরায় বীজ সরবরাহ শুরু করে। আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের কৃষক আরশাদ আলী জানান, বিএডিসির চেয়ারম্যান প্রতি কেজি বোরো বীজের মূল্য ২৬ থেকে ২৮ টাকা করার আশ্বাস দিলেও তা দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি।এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিএডিসির অধিক বীজ বিভাগের উপপরিচালক মিজানুর রহমান ও কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক আবদুল মালেক কৃষকদের পাওনার কথা স্বীকার করেন। তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।