চুয়াডাঙ্গায় দরপত্র জমাদানে বাধা হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিএডিসির নুরনগর বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে (এসপিসি) অবীজ (নন-সিড) বিক্রির দরপত্র জমা দিতে আসা ব্যক্তিদের ওপর হামলা করা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসপিসির যুগ্ম পরিচালকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মোস্তাক, গোরস্থানপাড়ার মিঠুন, ফার্মপাড়ার মিন্নাল ও সোহেল। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএডিসি নুরনগর বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরের অবিক্রীত ২০৮ দশমিক ৬২০ টন অবীজ বিক্রির জন্য গত ১৪ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শিডিউল বিক্রির শেষ সময় গত বুধবার। ওই দিন পর্যন্ত মোট ২৬টি শিডিউল বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনটি, বিএডিসির যুগ্ম পরিচালকের কার্যালয়ে দুটি এবং কুষ্টিয়ায় দুটি দরপত্র জমা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কয়েকজন শিডিউল ক্রেতা এসপিসির যুগ্ম পরিচালকের কক্ষের বাক্সে দরপত্র জমা দিতে গেলে বিএডিসির শ্রমিক সর্দার আবদুল মোমিন অন্যান্য শ্রমিক এবং বহিরাগত ব্যক্তিদের নিয়ে বাধা দেন এবং তাঁদের ওপর হামলা চালান।
এর পরপরই একদল তরুণ শহরের ঈদগাহপাড়ার ব্যবসায়ী এনামুল হক ও তাঁর ব্যবসায়িক অংশীদার মো. সালাউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এসপিসির যুগ্ম পরিচালক আবদুল মালেক জানান, এসপিসিতে পুলিশের উপস্থিতিতে দরপত্র গ্রহণ করা হয়েছে। এসপিসি চত্বরের বাইরে মারামারি এবং দুই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের খবর শুনেছেন তিনি।