চুয়াডাঙ্গায় দিনমজুর যশোরে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গত শুক্রবার রাতে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে যশোর শহরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। কুষ্টিয়ায় গতকাল শনিবার ভুট্টাখেত থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ায় শুক্রবার রাতে আমজাদ হোসেন (৫০) নামের এক দিনমজুর খুন হয়েছেন।
পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন আলমগীর হোসেন, আইয়ুব হোসেন ও কাজল আহমেদ। নিহত ব্যক্তির বড় ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে আলমগীর হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা করেছেন।
আমজাদের স্ত্রী সুফিয়া খাতুন জানান, শুক্রবার রাতে তাঁর স্বামী ঘরের বারান্দায় এবং তিনি দুই মেয়েকে নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
রাত একটার দিকে শামীম ও তাঁর ভাই আলমগীর এবং তাঁদের আত্মীয় নাজমুল, এনামুলসহ পাঁচজন বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আমজাদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্বামীর গোঙানির শব্দ শুনে ঘর থেকে বের হলে হামলাকারীদের একজন তাঁর (সুফিয়া) মুখ চেপে ধরেন। একপর্যায়ে আমজাদকে মৃত ভেবে হামলাকারীরা চলে যান। তবে স্বামী মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেছেন।
যশোর: যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকায় ইসলাম (২০) নামের এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
ইসলাম শহরের সিটি কলেজপাড়ার বৌবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার হাফিজুর ও আকিদুল নামের দুই ভাইকে আটক করা হয়েছে। তাঁদের বাবার নাম আবদুল জলিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে সিটি কলেজপাড়ায় ‘সপ্তসুর’ নামে একটি সংগঠনের বৈশাখী অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে দর্শকসারিতে থাকা ইসলামের সঙ্গে হাফিজুরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পাশে ডেকে নিয়ে হাফিজুরের নেতৃত্বে কয়েকজন ইসলামের বুকে ছুরি ঢুকিয়ে দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার
কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে গতকাল দুপুরে বাদশা মণ্ডল (৩০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাদশা গজনবীপুর গ্রামের মনোহর মণ্ডলের ছেলে।