চুয়াডাঙ্গায় দিনমজুরকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে যৌন হয়রানির জের ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল বুধবার আবদুল আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজিজের বাড়ি দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি দিনমজুর ছিলেন।আজিজের বাবা সাকার উদ্দিনের অভিযোগ, উপজেলার উজিরপুর গ্রামের মাঠে কাজ করার সময় আজিজকে সদর উপজেলার পীরপুর গ্রামের কয়েকজন লোক জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তিন ব্যক্তির নাম উল্লেখসহ পীরপুর গ্রামের ১৫ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে গতকাল সকালে বিষ্ণুপুর সেতুর ওপর যৌন হয়রানি করেন আজিজ। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আজিজকে মারধর করে তাড়িয়ে দেয়। ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানায়। পরে ছাত্রীর বাবা খবর পেয়ে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে উজিরপুর গ্রামে যান। তাঁরা সেখান থেকে আজিজকে ধরে জোর করে পীরপুর গ্রামে নিয়ে আসেন।পরে আজিজকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে বেলা দুইটার দিকে আজিজ মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার সত্যতা মিলেছে।