চুয়াডাঙ্গায় দুই নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারীতে দুই নৈশপ্রহরীকে অপহরণের পর কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দামুড়হুদা থানার পুলিশ আজ সোমবার সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত প্রহরীরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সেলিম শেখ (২৮) ও সাহাবুর আলী (২৭)। সম্পর্কে তাঁরা খালাতো ভাই। স্টার ইটভাটায় কাজ করতেন দুজন।

ইটভাটার ব্যবসায়িক অংশীদার ও মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিসকিন আলী প্রথম আলোর কাছে দাবি করেন, দেড় মাস আগে সন্ত্রাসীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি মুজিবনগর থানায় জানানোর পর ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে ইটভাটাটিতে রাতে পাহারার ব্যবস্থা করা হয়। এতে চাঁদাবাজ সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে ওই দুই নৈশপ্রহরীকে অপহরণের পর খুন করে বলে তিনি ধারণা করছেন।

নিহত সেলিমের চাচাতো ভাই আজিজুর রহমান দাবি করেন, ‘নিহত ব্যক্তিরা মূলত সাপ ধরে খেলা দেখিয়ে জীবিকা চালাতেন। সম্প্রতি মাসে চার হাজার টাকা বেতনে ওই ইটভাটায় নৈশপ্রহরীর কাজ নেন তাঁরা। এই দুজন দিনে মজুরির কাজ করতেন। রাতে ইটভাটায় পাহারা দিতেন। নিষেধ করার পরও ইটভাটা পাহারা দেওয়ায় সন্ত্রাসীরা তাঁদের খুন করেছে।’

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, দুজনকেই জবাই করে হত্যা করা হয়েছে। এ ছাড়া সেলিমের শরীরে এলোপাতাড়ি কোপানো এবং সাহাবুরের শরীরে রড নিয়ে পেটানোর দাগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, নিহত দুজন ভাটার নৈশপ্রহরী হলেও তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা ও মুজিবনগর থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। চাঁদাবাজদের অভ্যন্তরীণ বিরোধে ওই দুজন খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।