চুয়াডাঙ্গায় দুটি বোমা হামলা আহত এক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একটি ইটভাটায় গত রোববার রাতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এতে ওই ইটভাটার শ্রমিক মো. খোদা বক্শ আহত হয়েছেন। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে সন্ত্রাসীরা পাশের সুবলপুর গ্রামে আবদুস সামাদের বাড়িতে একটি বোমা হামলা চালায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা বোমা হামলা দুটি চালিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
আহত শ্রমিক জানান, রাত সোয়া ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী কার্পাসডাঙ্গাা এলাকার এম আর ব্রিকসে আসে। এরপর তারা ইটভাটার মালিককে তাদের দাবি করা চাঁদা দ্রুত পরিশোধ করার হুমকি দেয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা একটি বোমার বিস্ফোরণ ঘটালে খোদা বক্শ আহত হন। ইটভাটার মালিক মতিয়ার রহমান বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না পেয়ে তারা এই হামলা চালিয়েছে।
একই দিন রাতে কার্পাসডাঙ্গার সুবলপুর গ্রামের আবদুস সামাদের বাড়িতে সন্ত্রাসীরা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।