চুয়াডাঙ্গায় দুটি লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে গত শনিবার রাতে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ধারালো অস্ত্র ও বোমাসদৃশ বস্তুও উদ্ধার করা হয়।নিহতরা হলেন একই উপজেলার তিওরবিলা গ্রামের মনোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও সোয়াজ্জেল মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩২)।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, নিহত যুবকেরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাঁদের নামে থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। শনিবার রাত ১০টার দিকে ১০-১১ জন সন্ত্রাসী বলেশ্বরপুর গ্রামের একটি ভুট্টাখেতে বসে গোপন বৈঠক করছিল। এলাকাবাসী তা জানতে পেরে সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সেখানে আক্রমণ চালায়। অন্যরা পালিয়ে গেলেও আমিরুল ও তরিকুল গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেছেন। রোববার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে বলেশ্বরপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছে জানতে চাইলে গণপিটুনির বিষয়টি তাঁরা জানেন না বলে জানান।