চুয়াডাঙ্গায় নম্বরবিহীন মোটরসাইকেল ও বোমাসহ যুবক আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার জাফরপুর মোড় থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল ও দুটি তাজা বোমাসহ মাসুদ রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে। আটক করা যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের রমজান আলীর ছেলে।র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম এই প্রতিনিধিকে জানান, বড় ধরনের নাশকতা ঘটাতে মোটরসাইকেলযোগে এক সন্ত্রাসী বোমাসহ চুয়াডাঙ্গা শহর থেকে সরোজঞ্জ বাজারে যাচ্ছে। এ রকম খবরে র্যাব সদস্যরা জাফরপুর মোড়ের কাছে মোটরসাইকেল চালক মাসুদ রানাকে চ্যালেঞ্জ করলে তাঁর কাছ থেকে দুটি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এরপর তাঁকে র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ খবর লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।এদিকে মাসুদ রানাকে আটকের পর একটি রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতা তদবিরে নেমেছেন।