চুয়াডাঙ্গায় নর্দমায় ফেলা হচ্ছে চিকিৎসা-বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় সরকারি-বেসরকারি সব হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের বর্জ্য আশপাশের নর্দমাগুলোতে ফেলা হচ্ছে। ফলে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ছে রোগজীবাণু। এসব চিকিৎসা প্রতিষ্ঠানের কোনোটিতেই বর্জ্য পুড়িয়ে ফেলার ব্যবস্থা নেই।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সংক্রামক বর্জ্য উৎপন্ন হয়। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য বিশেষভাবে সংরক্ষণ করে তা ইনসিনেরেটরে (চিকিৎসা-বর্জ্য বিনষ্ট করার চুল্লি) পুড়িয়ে ফেলার কথা। কিন্তু জেলার সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই বর্জ্য পোড়ানোর কোনো ব্যবস্থা নেই।জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, জেলায় সরকারি হাসপাতালের মধ্যে সদর হাসপাতাল, তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি মা ও শিশুমঙ্গল কেন্দ্র রয়েছে। এর বাইরে বেসরকারি উদ্যোগে ৪০টি ক্লিনিক ও ৩৬টি রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে তিনটি ক্লিনিক ও আটটি রোগনির্ণয় কেন্দ্র অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে।পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, চুয়াডাঙ্গার সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের একটিও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। অথচ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এসব প্রতিষ্ঠানের অনুমোদন হওয়ারই কথা নয়। পরিবেশদূষণের দায়ে সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতেও বলা হয়েছে।