চুয়াডাঙ্গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) স্থানীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। পরে তাঁরা ওই কার্যালয়ে কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন। জেলা দোকান মালিক সমিতি ডাকে এ কর্মসূচি পালিত হয়।

গতকাল বিকেল সাড়ে চারটায় স্থানীয় ব্যবসায়ীরা ওজোপাডিকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইবরুল হাসান, ব্যবসায়ী নেতা মোহাম্মদ শফিউদ্দিন, নাজমুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ২০ দিনের বেশি সময় ধরে অব্যাহতভাবে অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিষিয়ে উঠেছে। আবার বিদ্যুৎ সরবরাহের সময় কখনো হাই ভোল্টেজ, আবার কখনো লো ভোল্টেজের কারণে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না। তাঁরা অভিযোগ করেন, আশপাশের জেলার তুলনায় চুয়াডাঙ্গায় লোডশেডিং বেশি হচ্ছে। অবিলম্বে এর সমাধান না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায় বিদ্যুৎ বিভাগকেই বহন করতে হবে।

ব্যবসায়ী মোহাম্মদ শফিউদ্দিন বলেন, লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমত খোলা রাখা যাচ্ছে না। বেচাকেনা কমে গেছে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুতের ব্যবস্থা করতে গিয়ে খরচ বাড়ছে।

সমাবেশ শেষে দোকান মালিক সমিতির নেতারা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীনের কাছে স্মারকলিপি দেন। এ সময় প্রকৌশলী মো. সবুক্ত গীন বলেন, ‘ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির মোট চাহিদা ৭০ মেগাওয়াট। এ মাসের শুরুতে কিশোরগঞ্জে জাতীয় গ্রিডের টাওয়ার ভেঙে পড়ে। এরপর থেকে মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে লোড ব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সার্বিক সমস্যার কথা জাতীয় গ্রিডের খুলনার উপবিভাগীয় প্রকৌশলীকে লিখিত জানানো হয়েছে। রমজানের আগেই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে।