চুয়াডাঙ্গায় নয় আদালতের সাতটিতেই বিচারক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের নয়টি পদের সাতটিতেই বিচারক নেই। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবদুর রহমান সরদার একাই আটটি আদালতের বিচার পরিচালনা করছেন।চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, এর আওতাধীন নয়টি আদালতের মধ্যে জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আছেন। বাকি সাতটি আদালতে বিচারক নেই। এসব আদালতে প্রায় ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। যে সাতটি আদালতে বিচারক নেই সেগুলো হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২, যুগ্ম জেলা জজ-১, যুগ্ম জেলা জজ-২, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী জজ, আলমডাঙ্গা সহকারী জজ, দামুড়হুদা সহকারী জজ ও জীবননগর উপজেলা সহকারী জজ।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদার সহকারী জজ আদালতের বিচারক ২০০০ সালের সেপ্টেম্বরে সাময়িক বরখাস্ত হন। দীর্ঘ এক যুগেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় ওই পদটি এখন পর্যন্ত শূন্য দেখানো যায়নি। এ কারণে নতুন কোনো বিচারকও দেওয়া হয়নি। গত ৭ মে চুয়াডাঙ্গা সদর সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক পদোন্নতি পেয়ে বদলি হয়ে গেছেন। একই তারিখে আলমডাঙ্গার সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক পদোন্নতি নিয়ে বদলি হয়েছেন। জীবননগর সহকারী জজ আদালতের বিচারক গত বছরের ৩১ জানুয়ারি বদলি হওয়ার পর ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক ২০১০ সালের অক্টোবরে বদলির পর থেকে ওই পদে এ পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গত ২৫ এপ্রিল যুগ্ম জেলা জজ-১ ও যুগ্ম জেলা জজ-২ আদালতে শূন্যপদে দুজন বিচারক নিয়োগ দেওয়া হয়। তাদের একজন এখনো যোগদান করেননি। অন্যজন যোগদানের পর চার মাসের প্রশিক্ষণে ২০ মে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন। চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ এই সাতটি আদালতে বিচারক শূন্য থাকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবদুর রহমান সরদারকে একাই নিজ আদালতসহ আটটি আদালতের বিচার পরিচালনা করতে হচ্ছে।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের দুলাল নবী (৭০) বলেন, ‘২০০০ সালে জমিসংক্রান্ত একটা দেওয়ানি মামলা করার পর কোর্টের বারান্দায় আসতি আসতি বুড়ো হইয়ে গ্যালাম। মইরে যাওয়ার আগে রায় শুইনে যাতি পাইরব কিনা সেডাই অ্যাকন কতা।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, বিচারক সংকটের ফলে বিচারপ্রার্থীদের পাশাপাশি আইনজীবীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হায়দার বলেন, ‘বিচারক সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হয়েছে। আশা করা যায় শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’