চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল স্থায়ীভাবে বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তাসহ বেশ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত মঙ্গলবার এই ধর্মঘট আহ্বান করে।
ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করেনি। তবে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাইরে অভ্যন্তরীণ পথে অবৈধ যান নছিমন, করিমন ও িথ্র-হুইলার চলাচল করতে দেখা গেছে।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক এম জেনারেল ইসলাম বুধবার রাত সাড়ে আটটায় জেলার পুলিশ সুপার রশীদুল হাসানের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। পুলিশ সুপার বাস ও বাসের শ্রমিকদের নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তাঁরা সিদ্ধান্ত ছাড়াই পুলিশ সুপারের কক্ষ ত্যাগ করেন।
এরপর রাত ১০টায় ঐক্য পরিষদের নেতারা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসক নেতাদের জানান, যেহেতু ঘটনাটির সঙ্গে ইজিবাইক-অটোরিকশার মালিক ও চালকেরা জড়িত রয়েছেন, তাই সব পক্ষকে নিয়ে শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথ সভা করা হবে। সে পর্যন্ত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক যানবাহন চালানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি৷
বুধবার রাত সাড়ে ১২টায় ও বৃহস্পতিবার ভোরে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি মাইকে প্রচারও করা হয়। কিন্তু, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে রওনা দিয়ে পৌর এলাকার ফকিরপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি ভাঙচুর করে। বাসের শ্রমিকদের দািব, ইজিবাইক-অটোরিকশার শ্রমিকেরা ভাঙচুর চালিয়েছেন। তবে, ইজিবাইক-অটোরিকশার মালিক সমিতির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাজানো নাটক।