চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চুয়াডাঙ্গায় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত পুলিশ প্রশাসনের সঙ্গে ঐক্য পরিষদের নেতাদের যৌথ সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বেলা একটা থেকে চুয়াডাঙ্গার সব পথে আবার যানবাহন চলাচল শুরু হয়। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় সহকারী পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মইনউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ওয়াছিউদ্দিন মালিক জানান, চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং বাসচালক ও সহকারীকে মারধরের মামলার আসামিদের গ্রেপ্তারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জরুরি সভা ডেকে তিন দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করে। দাবির মধ্যে ছিল—বাসের চালক ও সহকারীকে মারধর মামলার আসামিদের গ্রেপ্তার, চুয়াডাঙ্গার সব সড়কপথে আলমসাধু চলাচল স্থায়ীভাবে বন্ধ এবং কর্তব্যে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরীকে প্রত্যাহার।