চুয়াডাঙ্গায় পাসের হার কমেছে ১৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গায় ফল বিপর্যয় ঘটেছে। এ বছর জেলায় পাসের হার ৭৩ দশমিক ২১ শতাংশ। গত বছর ছিল ৮৮ দশমিক ৮১ শতাংশ। পাসের হার কমেছে ১৫ দশমিক ৬০ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার মধ্যে নবম স্থানে চলে এসেছে চুয়াডাঙ্গা।
২০১৭ সালের এসএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গার ৪ হাজার ৮৩২ জন ছেলে ও ৪ হাজার ৬৪৮ জন মেয়ে অংশ নেয়। গতকাল ৪ মে প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩ হাজার ৪৬৪ জন ছেলে ও ৩ হাজার ৪৭৬ জন মেয়ে পাস করেছে। পাসের হার ৭৩ দশমিক ২১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৮১ শতাংশ।
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার ২৪২ জন অংশ নিয়ে পাস করেছে ২২১ জন (৫০ জন জিপিএ-৫)। গত বছর ২৩৯ জন অংশ নিয়ে ২৩৮ জন পাস করেছিল (৬৮ জন জিপিএ-৫)। এ বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে কর্মরত একজন সহকারী শিক্ষক বলেন, গত ১৫ বছরের মধ্যে এবারই বিদ্যালয়টি সবচেয়ে ফল বিপর্যয় প্রত্যক্ষ করেছে।
ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন প্রথম আলোকে বলেন, জেলা শহরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অভিভাবক-শিক্ষক সবারই প্রত্যাশা একটু বেশি থাকে। এবারের ফলাফল সত্যিকার অর্থেই অপ্রত্যাশিত। খারাপ ফলাফলের কারণ খুঁজে বের করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শহরের আরেক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। ২০৪ জন অংশ নিয়ে পাস করেছে ২০১ জন (৪০ জন জিপিএ-৫)। দীর্ঘদিন পর এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলো।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার বলেন, ‘যদিও অকৃতকার্য হওয়ার সংখ্যা কম, তারপরও বলব সরকারি বিদ্যালয় হিসেবে ফলাফল আরও ভালো হওয়া উচিত ছিল।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস পদাধিকারবলে এ দুটি বিদ্যালয়ের সভাপতি। তিনি প্রথম আলোকে বলেন, এ ধরনের ফলাফল নিঃসন্দেহে দুঃখজনক। ভবিষ্যতে যারা পরীক্ষায় অংশ নেবে, তাদের এখন থেকে প্রস্তুত নেওয়া দরকার। এবারের ফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করে সমস্যাগুলো সমাধানে গুরুত্বারোপ করেন তিনি।