চুয়াডাঙ্গায় পুলিশের ভরসা ভাঙাচোরা ও অবৈধ যান
চরমপন্থী অধ্যুষিত চুয়াডাঙ্গায় পুলিশকে যানবাহনের অভাবে দায়িত্ব পালনে নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে। একদিকে গাড়ির স্বল্পতা, অন্যদিকে পুলিশের গাড়িগুলো অনেক পুরোনো এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত হওয়ায় দৈনন্দিন কাজ ও বিশেষ অভিযান পরিচালনা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে পুলিশকে বাধ্য হয়ে ব্যবহার করতে হয় অবৈধ নসিমন, করিমন ও আলমসাধু। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে যানবাহন-সংকটের বিষয়টি পুলিশকে আরও ভাবিয়ে তুলেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যপদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। সাধারণ ভোটার ছাড়াও একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও বেশি তৎপর থাকতে হচ্ছে। বিভিন্ন গ্রামে অবস্থিত পুলিশ ফাঁড়িতে কোনো যানবাহন না থাকায় তাঁদের আরও প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। ফাঁড়িগুলোর পুলিশ নিষিদ্ধ যান করিমন, আলমসাধু ও নসিমনে করে টহল দেয়। এতে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধ যানবিরোধী অভিযান চালাতে পুলিশকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অন্যদিকে এসব যানবাহনে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এর বিকট শব্দ শুনে অপরাধীরা সটকে পড়ে।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় চারটি থানা, দুটি পুলিশি তদন্তকেন্দ্র, একটি পুলিশ ফাঁড়ি, ১৫টি স্থায়ী পুলিশ ক্যাম্প এবং ১৬টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ সুপারের কার্যালয় এবং চারটি থানা ছাড়া পুলিশি তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পগুলোয় কোনো গাড়ি নেই। বর্তমানে জেলায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের গাড়িসহ মোট পাঁচটি জিপ রয়েছে, যার মধ্যে দুটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই অচল থাকে। এ ছাড়া পাঁচটি পিকআপ ভ্যান থাকলেও তা ভাঙাচোরা এবং চলাচললের অনুপযোগী। ১৫টি মোটরসাইকেল থাকলেও দীর্ঘদিনের পুরোনো হওয়ায় সেগুলো প্রায় বিকল হয়ে পড়ে থাকে।জেলা পুলিশের একটি সূত্র জানায়, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলগুলো প্রায় ২৭ বছরের পুরোনো। অথচ চরমপন্থী অধ্যুষিত এলাকা হওয়ায় পুলিশকে সব সময় তৎপর থাকতে হয়। কিন্তু গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে অভিযান পরিচালনা এবং ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চরমপন্থী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা খুবই জরুরি।চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, যানবাহন-সংকটের কারণে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা ব্যাহত হচ্ছে। ফাঁড়িগুলোর পুলিশকে আলমসাধুতে করে টহল দিতে হয়। ৭ মে সদ্য বিদায়ী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, জেলায় মোট ১৫টি গাড়ি বরাদ্দ চেয়ে সম্প্রতি সহকারী মহাপুলিশ পরিদর্শককে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। নির্বাচনের সময় যানবাহনের প্রয়োজন অনস্বীকার্য।