চুয়াডাঙ্গায় পুলিশের যানবাহন-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের সংকটের কারণে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে পুলিশ ইঞ্জিনচালিত অবৈধ নছিমন, করিমন ও ভটভটি ব্যবহার করছে। অথচ এসব অবৈধ যানবাহন মহাসড়ক থেকে প্রত্যাহার করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ চুয়াডাঙ্গাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় মহাসড়ক থেকে ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি সাত দিনের মধ্যে প্রত্যাহার করার আদেশ দেন। এতে বিআরটিএর চেয়ারম্যানসহ ১৬ বিবাদীকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় পুলিশের চারটি থানা, দুটি তদন্ত কেন্দ্র, একটি ফাঁড়ি, ১৫টি স্থায়ী ক্যাম্প ও ১৬টি অস্থায়ী ক্যাম্প রয়েছে। তবে পুলিশ সুপারের কার্যালয় ও চারটি থানা ছাড়া তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পগুলোতে কোনো গাড়ি নেই। বর্তমানে জেলায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের গাড়িসহ মোট পাঁচটি জিপ রয়েছে; যার দুটি প্রায় অচল। দামুড়হুদা মডেল থানায় সংস্কার কর্মসূচির আওতায় ২০১১ সালে পাওয়া তিনটি ছাড়া বাকি পাঁচটি পিকআপের লক্কড়ঝক্কড় অবস্থা। ১৫টি মোটরসাইকেল থাকলেও সেগুলোও ব্যবহারের অনুপযোগী। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সব সময় সতর্ক থাকতে হয়। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই অভিযান পরিচালনা ও ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে।
এদিকে পুলিশ ক্যাম্পগুলোকে করিমন, নছিমন ও ভটভটির ওপর ভরসা করেই অভিযান ও টহল পরিচালনা করতে হয়। এসব যানবাহন চলার সময় বিকট শব্দ হয়। অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সটকে পড়ে।
২০১১ সালের এপ্রিলে তৎকালীন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ১৫টি নতুন যানবাহন যানবাহন চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেন। তবে এখন পর্যন্ত একটিও পাওয়া যায়নি।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রথম আলোকে বলেন, যানবাহনের স্বল্পতার কারণেই পুলিশ বাধ্য হয়ে এসব অবৈধ যান ব্যবহার করে থাকে। তবে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় যানবাহন চেয়ে সদর দপ্তরকে লিখিত জানানো হবে।