চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
চুয়াডাঙ্গার সদর উপজেলার নেহালপুর গ্রামে গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল হক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, আসাদুল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) নেহালপুর এলাকার নেতা। তাঁর বাড়ি সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।পুলিশের ভাষ্যমতে, নেহালপুর গ্রামের একটি পাটখেতে চরমপন্থীরা অস্ত্র নিয়ে বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে সদর থানা পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় পাটখেতে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটি চরমপন্থী নেতা আসাদুলের বলে শনাক্ত করেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করেছে। গুলিবিনিময়ের সময় খালিদ হোসেন নামের পুলিশের এক এসআই আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আসাদুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।দুই চরমপন্থী গ্রেপ্তারপাবনা অফিস ও চাটমোহর প্রতিনিধি জানান, পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কোয়াবাসী চকমোড়ক গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে চরমপন্থী সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনার পর পায়ে গুলিবিদ্ধ অবস্থায় চকমোহর গ্রামের মো. মোকছেদ আলী (৩২) ও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জহির উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি করে চায়নিজ রাইফেল ও দেশি বন্দুক, চায়নিজ রাইফেলের ১১টি ও বন্দুকের একটি গুলি উদ্ধার করা হয়। চাটমোহর থানার ওসি বলেন, মোকছেদ ও জহির পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।