চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুরে গতকাল সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, বিল্লাল জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৪৫) আহত হয়েছেন।নিহত বিল্লাল জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পরিবার বলছে, বিল্লাল ব্যবসায়ী। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পুলিশকে ব্যবহার করে ‘বন্দুকযুদ্ধের’ নাটক করেছে।এলাকার অনেকেই বিল্লাল সন্ত্রাসী—এ কথা শুনে হতবাক হন এবং ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করেন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম দাবি করেন, বিল্লাল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা উজলপুর মাঠে বৈঠক করছে—এ খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভোর সাড়ে চারটায় সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এর একপর্যায়ে পুলিশের গুলিতে বিল্লাল নিহত এবং সন্ত্রাসীদের গুলিতে এসআই মিজানুর আহত হন। পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে বিল্লালের লাশ এবং দুটি পিস্তল, দুটি বোমা ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে। মিজানুরকে ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।ওসি জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশের পক্ষ থেকে সাতটি গুলি ছোড়া হয়।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নিহত বিল্লাল পারিবারিকভাবেই অর্থসম্পদের মালিক। তিনি বালু ও ট্রাক্টর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই জানান, বিল্লাল সন্ত্রাসী—এমন খবর তাঁরা জানেন না। তাঁকে ব্যবসায়ী হিসেবেই তাঁরা চেনেন। তাই সন্ত্রাসী হিসেবে ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যুর খবরে তাঁরা বিস্মিত হয়েছেন।বিল্লালের ছোট ভাই ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম দাবি করেন, তাঁর ভাই (বিল্লাল) প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিএনপির সমর্থক। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পুলিশকে ব্যবহার করে ‘বন্দুকযুদ্ধের’ নাটক করেছে। তিনি বলেন, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের গোরস্থান পাড়ার শ্বশুরবাড়ি থেকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা বিল্লালকে ধরে নিয়ে যান, যা এলাকার অনেকেই দেখেছেন। অথচ সকালে প্রচার করা হচ্ছে, ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হয়েছেন।চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী জানান, বন্দুকযুদ্ধে নিহত বিল্লাল হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি ডাকাতি, একটি বোমা হামলা ও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী।বিল্লালের বিরুদ্ধে তিনটি মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেন দামুড়হুদা থানার ওসির দায়িত্বে থাকা এসআই ইব্রাহিম আলী।অবশ্য সাইফুল দাবি করেন, বিল্লালকে পেন্ডিং মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।চুয়াডাঙ্গা হাসপাতালে বিল্লালের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।