চুয়াডাঙ্গায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের তৃতীয় ও চতুর্থ কিস্তির বরাদ্দ নিয়ে সংকটে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরাদ্দপত্রে এই দুই কিস্তির ৬১ লাখ ছয় হাজার টাকায় চারটি উপজেলায় ২৮০ জনকে গরু ও ৫৬ জনকে ঢেউটিন কিনে ৩০ জুনের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত তা কেনা হয়নি।প্রকল্পের তদারকির দায়িত্বে নিয়োজিত বিআরডিবির উপপরিচালকের দপ্তর কুষ্টিয়া সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার চারটি উপজেলার এক হাজার ২০০ পরিবার করে মোট চার হাজার ৮০০ পরিবার নির্বাচন করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় কিস্তির বরাদ্দ হিসেবে প্রতিটি উপজেলায় ৩০টি পরিবারকে গরু এবং আরও ৩০টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। কিন্তু তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা এবার দেরিতে পাওয়ায় এবং চলতি অর্থবছরের মধ্যে বিতরণের শর্ত জুড়ে দেওয়ায় সংকটের সৃষ্টি হয়েছে।গত মঙ্গলবার দুপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। সভায় প্রকল্প বিষয়ে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিআরডিবি কুষ্টিয়ার উপপরিচালক নির্মল কুমার সাহা। এ সময় তৃতীয় ও চতুর্থ কিস্তির বরাদ্দের প্রসঙ্গটি তিনি উপস্থাপনের পর উপস্থিত সবাই হতবাক হন।প্রকল্পের আলমডাঙ্গা উপজেলা সমন্বয়কারী ইউএনও মুহাম্মদ আবদুস সালাম জানান, নির্দেশনা অনুযায়ী বরাদ্দ পাওয়ার পর ২১ দিনের আগে কোনোভাবেই গরু কেনা সম্ভব নয়। কারণ প্রতিটি উপজেলায় মোট তালিকাভুক্ত উপকারভোগী থেকে ৭০ জনকে নির্বাচন করতে হবে। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত ক্রয় কমিটি সভা করে দরপত্র আহ্বান করবে এবং সর্বনিম্ন দরদাতা নির্বাচন করে গরু কিনতে হবে, যা এই স্বল্প সময়ে কোনোভাবেই সম্ভব নয়।দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম জানান, উপজেলার ২০টি গ্রাম থেকে ৭০ জনকে নির্বাচন করা খুব সহজ কাজ নয়। এমতাবস্থায় বেঁধে দেওয়া সময়ে কোনোভাবেই এগুলো বিতরণ সম্ভব হবে না। বিআরডিবির উপপরিচালক নির্মল কুমার সাহা বলেন, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা হাতে পাওয়ার পর পরিপত্রের নিয়ম অনুযায়ীই উপকারভোগী নির্বাচন এবং গরু ও ঢেউটিন বিতরণ করা হয়েছিল। এবার শেষ মুহূর্তে হাতে পাওয়ায় সংকট দেখা দিয়েছে।জেলা প্রশাসক ভোলানাথ দে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সুবিধাজনক একটি উপায় বের করা হবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।