চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় গতকাল বুধবার সকাল নয়টার দিকে পৃথক চারটি দুর্ঘটনায় দুই সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন: প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, দামুড়হুদার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা মাজেদা খাতুন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির উপব্যবস্থাপক (সম্প্রসারণ) জসিম উদ্দিন ও ডুগডুগি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হারুন অর রশিদ। তাঁদের মধ্যে দুই সাংবাদিক ও স্কুলশিক্ষিকাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জয়রামপুর কাঁঠালতলায় মহাসড়কঘেঁষা শেখ ব্রিকস নামের একটি ইটভাটার মাটি পরিবহনের কারণে রাস্তার ওপর মাটির স্তর জমেছিল। গতকাল সকালে ঝিরিঝিরি বৃষ্টিতে ওই এলাকার অন্তত ৫০০ মিটার সড়ক কাদাপানিতে পিচ্ছিল হয়ে পড়ে। এ সড়কে যাতায়াতের সময় মাত্র ১০ মিনিটে পর পর চারটি মোটরসাইকেল পিছলে গেলে চালকসহ আরোহীরা দুর্ঘটনার শিকার হন।এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) হেলাল হোসেন, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ র্যাব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাটামালিক আবুল কাশেম ওরফে বকুল আত্মগোপন করেন।