চুয়াডাঙ্গায় প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ!
বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয় হলেও চুয়াডাঙ্গার চার উপজেলার ২৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয়ভাবেই প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত রোববার জেলা আওয়ামী লীগের সভায় দামুড়হুদা ও জীবননগর উপজেলার আটটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন স্থানীয় দুই সাংসদ। ৩ মে আলমডাঙ্গা ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য একই নির্দেশনা দেওয়া হয়েছিল।প্রার্থী চূড়ান্তের বিষয়টিকে দলীয় সমর্থন দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, ‘ইউপি নির্বাচন অরাজনৈতিক হলেও কখনোই তা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকেনি। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোনো না কোনো দলের নেতা-কর্মী বা সমর্থক। আওয়ামী লীগে চেয়ারম্যান প্রার্থী হওয়ার মতো একাধিক যোগ্য ব্যক্তি থাকায় অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়া হয়েছে। এই উদ্যোগ দলে শৃঙ্খলা ধরে রাখতে সহায়ক হবে।’এদিকে ২৮টি ইউপিতে প্রার্থী ঘোষণার পরও প্রতিটি ইউনিয়নে এক বা একাধিক আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তাঁরা স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগ দুটি সমন্বয় সভা করে। সর্বশেষ গত রোববার জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের সভাপতিত্বে বিশেষ সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতারা দল সমর্থিত প্রার্থীদের জয়ী করতে সক্রিয়ভাবে মাঠে নামার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।দলীয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে জেলা আওয়ামী লীগ আবেদন আহ্বান করে। প্রতিটি আবেদনের সঙ্গে সে সময় দলের তহবিলে জমা দেওয়ার জন্য এক হাজার টাকা (অফেরতযোগ্য) করে নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, ওই সময় ১৯১টি আবেদনপত্র জমা পড়েছিল। তবে দলীয় তহবিলে টাকা জমা নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।গত ২৪ এপ্রিল চুয়াডাঙ্গার চারটি উপজেলার ২৮টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়। বাকি চারটি ইউনিয়নের বিভক্তিকরণ প্রক্রিয়া চলমান থাকায় নির্বাচন কমিশন থেকে গত নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো জীবননগর উপজেলার বাঁকা ও উথলী, আলমডাঙ্গার নাগদাহ ও দামুড়হুদার নতিপোতা।