চুয়াডাঙ্গায় প্রায় চার লাখ টাকার পে-অর্ডারসহ দুটি দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চুয়াডাঙ্গা কার্যালয়ে গত বৃহস্পতিবার কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দিয়ে দরপত্র বাক্স থেকে প্রায় চার লাখ টাকার পে-অর্ডারসহ দুটি দরপত্র ছিনতাই হয়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ দরপত্র বাতিল ঘোষণা করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং এলজিইডির ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় ৮২ লাখ টাকা ব্যয়ে ভোটারদের তথ্য সংরক্ষণের জন্য তিনটি নির্বাচন সার্ভার স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার ছিল ওই কাজের জন্য দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। দরপত্রের শিডিউল কিনেছিলেন সাতজন ঠিকাদার।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মেসার্স ইসলাম ব্রাদার্স ও মেসার্স আলমগীর কবির নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরপত্র দাখিল করা হয়। দরপত্রের সঙ্গে শর্তানুযায়ী প্রত্যেকে এক লাখ ৮৫ হাজার টাকার পে-অর্ডার জমা দেন। দরপত্র জমার আধা ঘণ্টার মধ্যে একদল যুবক এলজিইডি কার্যালয়ের দোতলায় উঠে কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দিয়ে দরপত্র বাক্স খুলে জমা দেওয়া তিন লাখ ৭০ হাজার টাকার পে-অর্ডারসহ দরপত্র দুটি ছিনতাই করে নিয়ে যায়।ইসলাম ব্রাদার্সের পক্ষে মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দরপত্র খোয়া যাওয়ার বিষয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দরপত্র বাতিল ঘোষণা করা হয়।নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমি কার্যালয়ে আসার আগে দরপত্র জমা ও খোয়া যাওয়ার ঘটনাটি ঘটে। দরপত্র জমাদানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্সের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ায় দরপত্র বাতিল করা হয়েছে।’চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি প্রথম আলোকে জানান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী দরপত্র বাক্স থেকে দুটি দরপত্র খোয়া যাওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ করলেও লিখিতভাবে কিছু জানাননি।দরপত্র শিডিউল ক্রেতাদের একজন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবুল হক বলেন, ‘দুপুর পৌনে ১২টায় এলজিইডির কার্যালয়ে গিয়ে দেখি দরপত্র বাক্স নেই। খোঁজ নিয়ে জানতে পারি, দরপত্র বাতিল করা হয়েছে।’ তিনি দাবি করেন, দরপত্র ছিনতাইয়ের বিষয়টি সাজানো নাটক।