চুয়াডাঙ্গায় ফারিয়ার কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ওষুধ কোম্পানির তিন প্রতিনিধিকে ভ্রাম্যমাণ আদালতে জামা খুলে কান ধরে ওঠবস করানোর ঘটনায় দুই নির্বাহী হাকিমের অপসারণ ও শাস্তির দাবি থেকে সরে এসেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। সংগঠনটি তাদের পূর্বঘোষিত কর্মসূচি জেলা প্রশাসক সায়মা ইউনুসের অনুরোধে গতকাল বুধবার প্রত্যাহার করে নেয়।
ফারিয়ার নেতারা জানান, সোমবার দুপুরে ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় নির্বাহী হাকিম মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিম তাঁদের হাসপাতাল চত্বরে এনে জামা খুলে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ হাসান চত্বরে মানববন্ধনে অংশ নেন। এরপর তাঁরা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসানের কাছে স্মারকলিপি দেন।
ফারিয়ার জেলা সভাপতি নাজমুল হক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, নির্বাহী হাকিম মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিম ভ্রাম্যমাণ আদালতের নামে তিনজন প্রতিনিধিকে অর্ধনগ্ন করে জনসমক্ষে কান ধরে শারীরিক শাস্তি দিয়েছেন, যা অমানবিক। তাই ১৫ অক্টোবর দুপুর ১২টার আগেই তাঁদের অপসারণ ও শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ফারিয়া চুয়াডাঙ্গায় ওষুধ সরবরাহ বন্ধ করে দেবে।
এদিকে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘আইনের রক্ষকদের অবশ্যই আইনের মধ্যে থেকেই কাজ করা উচিত।’ এ ছাড়া এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেন, হিউম্যান রাইটস মনিটরিং সেলের সেক্রেটারি আতিয়ার রহমান, মানবাধিকার আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক শামীম রেজা, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এ অবস্থায় জেলা প্রশাসক মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবনে জরুরি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে সিভিল সার্জন আজিজুল ইসলাম ও বিএমএ জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী এবং ফারিয়ার নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত নির্বাহী হাকিমদের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়। জেলা প্রশাসক নিজেও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারেরও অনুরোধ করেন।
এদিকে গতকাল বুধবার সকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সিভিল সার্জনের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপর তাঁরা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। এ সময় সিভিল সার্জন ও জেলা বিএমএ সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়।
বৈঠক শেষে নাজমুল হক প্রথম আলোকে জানান, জেলা প্রশাসকের অনুরোধে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
সিভিল সার্জন আজিজুল ইসলাম ও বিএমএর সভাপতি মার্টিন হীরক চৌধুরী বলেন, দুই নির্বাহী হাকিম তাঁদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। জেলা প্রশাসকের উদ্যোগে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা হয়েছে।