চুয়াডাঙ্গায় বইয়ের দোকানে ধর্মঘট শুরু

শিক্ষা আইনের কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ডাকে গতকাল মঙ্গলবার সকাল থেকে বইয়ের দোকানগুলোতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।
দুপুর ১২টায় শহরের আবুল হোসেন স্মৃতি সাধারণ গ্রন্থাগার মার্কেটে গিয়ে সব কটি বইয়ের দোকান বন্ধ দেখা গেছে। সাঈদ ম্যানশনে অবস্থিত বইয়ের দোকানগুলোও খোলা হয়নি।
বাপুস নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত শিক্ষা আইন বাস্তবায়ন হলে সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) একক কর্তৃত্ব পেয়ে যাবে। দেশের ২৮ হাজার বইয়ের দোকান বন্ধ হয়ে যাবে। ফলে দেশের প্রথিতযশা লেখক ও বুদ্ধিজীবীদের লেখা সৃজনশীল ও গবেষণাধর্মী বই-পুস্তক পাঠক পাবেন না। এতে একদিকে প্রকাশনা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়বেন। অন্যদিকে শিক্ষিত জাতি গঠনে দেশ পিছিয়ে পড়বে।
বাপুস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ দাবি করেন, কোনো প্রকার শর্ত ছাড়াই ‘সহায়ক বই’ বা ‘নোট-গাইড’ প্রকাশের সুযোগ দিতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।