চুয়াডাঙ্গায় বখাটের ক্ষুরের ঘাতে ছাত্রী জখম
চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) ক্ষুরের আঘাতে জখম হয়েছে। শুক্রবার রাতে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফেরার পথে রিফাত হোসেন (২২) নামের এক তরুণ তার মুখমণ্ডলে ক্ষুর দিয়ে আঘাত করে জখম করেন। আহত ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা শহরের জ্বীনতলা মল্লিকপাড়ার টেংরা হোসেনের ছেলে রিফাত তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করেন। শুক্রবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠ এলাকা থেকে ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে রিফাত ইজিবাইকে উঠে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ব্রিজ মোড়ে জোরপূর্বক ইজিবাইক থামিয়ে রিফাত তার মুখমণ্ডলে ক্ষুর দিয়ে আঘাত করে করে পালিয়ে যান। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, রিফাতকে ধরতে সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হচ্ছে।