চুয়াডাঙ্গায় বন্দী ১১ ভারতীয়র দেশে ফেরা অনিশ্চিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিডিআরের হাতে ধরা পড়া ১১ জন ভারতীয় নাগরিক বছরের পর বছর জেলা কারাগারে মানবেতর জীবন যাপন করছেন।বন্দী ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বানপুর গ্রামের সুকুমার মণ্ডল, মুর্শিদাবাদ জেলার দমকল থানার গরিবপুর গ্রামের আবদুল ওহাব শেখ, চব্বিশ পরগণা জেলার নওদাখালি থানার পূর্ব ওমেদপুর গ্রামের শেখ আবদুল মতিন, নদীয়া জেলার চাপড়া থানার বড় বালিয়াডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন, একই জেলার কৃষ্ণনগর থানার শান্তিনগর গ্রামের আপন খান, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থানার সুবাসপল্লি গ্রামের গোপাল, কৃষ্ণনগর জেলার মরুতিয়া থানার টেইপুর গ্রামের সন্ন্যাসী দাস, নদীয়া জেলার চাপড়া থানার হায়দারপুর গ্রামের আবদুল শেখ, মুঙ্গির জেলার মরফেজ থানার ভারদা গ্রামের শাহাবুদ্দিন, মধ্যপ্রদেশের উমড়ি থানার পৃথিগার গ্রামের চুন্নু শিং এবং উড়িষ্যার রায়গা থানার সরিপন গ্রামের পঞ্চকুমার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০০৭ সালের বিভিন্ন সময়ে তাঁরা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। অনুপ্রবেশের দায়ে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে চুয়াডাঙ্গা কারাগারে পাঠান। সাজার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস থেকে চার বছর পরেও তাঁরা কারামুক্ত হয়ে ভারতে ফিরতে পারেননি।কারা তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, পদ্ধতিগত কিছু জটিলতা এবং ভারত সরকারের সদিচ্ছার অভাবে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতীয় এসব নাগরিক স্বজনদের কাছে ফিরতে পারছেন না।